
স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের একটি আদালতে এই মামলা দায়ের করা হয়।
মামলার মূল কারণ হিসেবে উঠে এসেছে বিবিসির জনপ্রিয় ডকুমেন্টারি সিরিজ ‘প্যানারোমা’–তে প্রচারিত একটি এডিটেড ভিডিও প্রতিবেদন। ওই প্রতিবেদনে এমনভাবে উপস্থাপন করা হয়, যেন ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার জন্য ট্রাম্প সরাসরি তার সমর্থকদের উসকানি ও নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হলেও ট্রাম্প শুরু থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প সমর্থকরা মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা চালায়, যাতে প্রাণহানির ঘটনাও ঘটে।
এই হামলার জন্য ট্রাম্পকে দায়ী করা হলেও তিনি বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছেন।
ট্রাম্পের দাবি, বিবিসির ওই ভিডিও প্রতিবেদনে বিভিন্ন ক্লিপ কৌশলে সম্পাদনা করে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে তার রাজনৈতিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।
ঘটনার পর বিবিসি আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে জানায়, ভিডিওটি এমনভাবে এডিট করা হয়েছিল, যাতে মনে হয়েছে ট্রাম্প সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। তবে তারা দাবি করে, ভিডিওটি যুক্তরাষ্ট্রে সম্প্রচার করা হয়নি।
এই বিতর্কের জেরে বিবিসির একাধিক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন বলেও জানা গেছে। চলতি বছরই বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যার বাস্তব রূপ এবার দেখা গেল।